কালিয়াকৈরে গৃহবধূর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৩
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গতকাল বুধবার সখিনা আক্তার (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে শ্বসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।নিহত সখিনার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর পাকুল্লাহ গ্রামের ইউসুফ আলীর স্ত্রী সখিনা আক্তার গত সোমবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল বাড়ির পাশের বংশাই নদীতে সখিনার লাশ ভেসে উঠলে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।এ ঘটনায় নিহত সখিনার পরিবারের সদস্যসহ স্থানীয় বাসিন্দারা উত্তর পাকুল্লাহ গ্রামের মোজাম্মেল হক (৩৫), তাঁর স্ত্রী সুরজান (২৮) ও প্রতিবেশী বিল্লাল হোসেনকে (৩০) আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রিপন দাস জানান, এ ব্যাপারে ইউসুফ আলী বাদী হয়ে মোজাম্মেল হক, সুরজান বেগম ও বিল্লাল হোসেনকে আসামি করে হত্যা মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশের কাছে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।