কালিয়াকৈরে গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দোয়ানিচালা এলাকা থেকে গতকাল রোববার নাছরিন আক্তার (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর বাবার দাবি, মুখে বিষ ঢেলে তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে নাছরিনের স্বামী মাসুম দেওয়ান পলাতক।পুলিশ, গৃহবধূর পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, দোয়ানিচালা এলাকার মুদি দোকানি মাসুম দেওয়ানের সঙ্গে একই গ্রামের নাছির উদ্দিনের মেয়ে নাছরিন আক্তারের পাঁচ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই ছিল। পারিবারিক কলহের জের ধরে পাঁচ-ছয় মাস আগে নাছরিন বাবার বাড়িতে চলে যান। ৬ আগস্ট মাসুম স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনেন। পরে গত শনিবার দিবাগত রাতে মাসুম চিৎকার করে জানান, তাঁর স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছে। খবর পেয়ে গতকাল সকালে পুলিশ নাছরিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ সূত্র জানায়, নাছরিনের বাবা নাছির উদ্দিন বলেছেন যৌতুকের জন্য বিভিন্ন সময়ে তাঁর মেয়েকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে। তাঁর দাবি, জোর করে নাছরিনের মুখে বিষ ঢেলে তাকে হত্যা করা হয়েছে। কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মোহামঞ্চদ আলী জিন্নাহ বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।