গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার জামালপুর এলাকায় নাঈম টেক্সটাইল ও একই ভবনে থাকা এফ এস কসমেটিকস লিমিটেড কারখানায় ওই দুর্ঘটনা ঘটে।


কারখানার শ্রমিকেরা জানান, ওই কারখানাটি এক সময় নাঈম টেক্সটাইল মিল হিসেবে চলত। পরবর্তী সময়ে সেখানে বিভিন্ন প্রকার কসমেটিকস তৈরি শুরু হয়। কারখানায় মঙ্গলবার বিকেলে ৩৫ জন শ্রমিক কাজ করছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে বিকট শব্দে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে কারখানার ভেতরে আগুন ধরে যায়। এ সময় দৌড়ে অনেকে বের হয়ে গেলেও কয়েকজন শ্রমিক কারখানার ভেতরে আটকা পড়ে দগ্ধ হন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নাজমা বেগম জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত আটজন দগ্ধ শ্রমিককে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর কারখানার ভেতরে আগুন ধরে যায়। কালিয়াকৈর, গাজীপুর, ১২ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর কারখানার ভেতরে আগুন ধরে যায়। কালিয়াকৈর, গাজীপুর, ১২ ডিসেম্বর। ছবি: প্রথম আলো

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান, এলাকাবাসী ও কারখানার শ্রমিকদের সহায়তায় আটজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের শরীরের কিছু অংশ পুড়ে গেছে।