কালিয়াকৈরে গ্রামবাসীর বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গত শনিবার বিকেলে একটি হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।চন্দ্রা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম জানান, গত মঙ্গলবার চন্দ্রা এলাকায় পরিবহন ব্যবসাকে কেন্দ্র করে শ্রমিক লীগ ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কালিয়াকৈর উপজেলা পরিবহন শ্রমিক লীগের সভাপতি বিল্লাল হোসেন অসুস্থ হয়ে পড়েন। তাঁকে আশুলিয়ার একটি ক্লিনিকে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে মৃত বিল্লালের ভাই হারেজ খান বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় এলাকার সাধারণ লোকজনকে আসামি করা হয়েছে।ওই হত্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিবাদ সভায় বক্তব্য দেন পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবদুল বাছেদ, আহম্মদ আলী, আবদুল মালেক, হাফিজ উদ্দিন, আনোয়ার হোসেন, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই বলা যাবে এটি হত্যা, না অন্য কিছু।