কালিয়াকৈরে ঘন ঘন অগ্নিকাণ্ড ফায়ার স্টেশন চালু হচ্ছে না
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় গত ডিসেম্বরে ফায়ার স্টেশনের জন্য ভবন তৈরি সম্পন্ন হলেও এখনো কার্যক্রম শুরু হয়নি। অথচ গত দুই মাসে উপজেলার বিভিন্ন জায়গায় ও আশপাশের এলাকায় ১৫-২০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে উপজেলার খাড়াজোড়া এলাকায় গত বছরের প্রথম দিকে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের কাজ শুরু হয়। গত বছরের ডিসেম্বরে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করে। কিন্তু গাড়ি ও লোকবলের অভাবে স্টেশনের কার্যক্রম এখনো শুরু করা সম্ভব হয়নি।খোঁজ নিয়ে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সর্বত্র শিল্পকারখানা গড়ে ওঠায় গত কয়েক বছরে ব্যাপক হারে বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। গত দুই মাসে উপজেলার কালিয়াকৈর বাজারের দুটি মার্কেট, বিশ্বাসপাড়া বাজারের আনোয়ার সুপার মার্কেট, হরিণহাটিতে শুকুর আলীর বাড়ি, রাখালিয়াচালায় ফুলকুড়ি পাবলিক স্কুলের পাশের একটি বাড়িতে, সফিপুর পূর্বপাড়া সেলিমের বাড়িসহ ১৫-২০ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গাজীপুর, টঙ্গী বা সাভার ইপিজেডের কোনো স্টেশন থেকে অগ্নিনির্বাপণ দল সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে।কালিয়াকৈর বাজারের ব্যবসায়ী জয়দেব জানান, গত জানুয়ারিতে কালিয়াকৈর বাজারের মসজিদের পাশে মার্কেটে আগুন লাগে। দ্রুত গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলেও তাদের পৌঁছাতে পৌঁছাতে মার্কেটের ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। কোনাবাড়ীর দেওয়ালিয়া বাড়ি এলাকার জিয়াউল ইসলাম বলেন, এই এলাকায় পরপর দুই দিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করে।গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জাফর আহাম্মেদ জানান, কোনো দুর্ঘটনার খবর আসার সঙ্গে সঙ্গে তাঁরা গাড়ি নিয়ে বেরিয়ে যান। কিন্তু গাজীপুর সদর থেকে কালিয়াকৈর এলাকা প্রায় ২০ কিলোমিটার দূরত্ব, এ ছাড়া জয়দেবপুর চৌরাস্তা ও কোনাবাড়ীতে যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। এ ছাড়া গাজীপুর স্টেশন থেকে বের হতে গেলে ট্রেনের সিগন্যাল পার হতে মাঝেমধ্যে অনেক সময় লাগে। কালিয়াকৈরের স্টেশনটি চালু হলে সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।কালিয়াকৈর পৌর প্রশাসক মো. মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, শিল্পাঞ্চল হিসেবে নারায়ণগঞ্জ, সাভার ও টঙ্গীর পরই কালিয়াকৈরের স্থান। তাই দ্রুত ফায়ার স্টেশনটি চালু হলে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতি কমে আসবে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, লোকবলের অভাবে ও অল্প কিছু কাজ বাকি থাকায় স্টেশনটি চালু হতে দেরি হচ্ছে। কবে চালু করা যাবে, তাও সঠিকভাবে বলা যাচ্ছে না।