কালিয়াকৈরে চার শতাধিক শ্রমিকের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় একটি সোয়েটার তৈরির কারখানায় ভাঙচুরের ঘটনায় গতকাল শুক্রবার কারখানা কর্তৃপক্ষ চার শতাধিক শ্রমিকের বিরুদ্ধে হামলা ও লুটপাটের মামলা করেছে। পুলিশ কারখানার আশপাশের এলাকা থেকে ২৮ জন শ্রমিককে গ্রেপ্তার করে।কারখানার কর্মকর্তা ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ইপাড়া এলাকার হেসং সোয়েটার লিমিটেড নামের সোয়েটার তৈরির কারখানায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় উৎপাদন বোনাসের দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এ সময় শ্রমিকেরা কারখানায় ব্যাপক ভাঙচুর করেন। ওই ঘটনায় গতকাল কারখানার মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম কালিয়াকৈর থানায় মামলা করেন। মামলায় ৯২ জন শ্রমিকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় তিন-চার শ শ্রমিকের বিরুদ্ধে হামলা ও লুটপাটের মামলা করা হয়।গ্রেপ্তার শ্রমিকেরা হলেন আসাদ মিয়া, আলামিন, নূরুন্নবী ইসলাম, সাইফুল ইসলাম, সবুজ ফকির, আহসান আলী, আজিজুর রহমান, আসাদুল হাবিব, শাহ জামাল, মিনার উদ্দিন, রেজাউল, হামিদুল ইসলাম, সিরাজুল, সাইদুল, শফিকুল, দুলাল মিয়া, জাকির হোসেন, সুজন মিয়া, জহিরুল ইসলাম, আলমগীর, কামাল হোসেন, রুবেল মিয়া, ইমরান হোসেন, মনসুর আলী, এরশাদুল, মমিনুল, মিজানুর রহমান ও আবুল কালাম। গ্রেপ্তার শ্রমিকদের গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।এলাকায় গিয়ে জানা গেছে, বেশির ভাগ শ্রমিক গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। শ্রমিক সোলাইমানের স্ত্রী সুফিয়া আক্তার অভিযোগ করেন, পুলিশ এলাকায় যাকে পাচ্ছে তাকেই গ্রেপ্তার করছে। তাই তাঁর স্বামী পালিয়ে বেড়াচ্ছেন।কারখানার মহাব্যবস্থাপক মো. নাজমুল আলম বলেন, ‘কারখানা চালু রাখা হবে, না অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে, সে বিষয়ে আজ (গতকাল) রাতে ঢাকার প্রধান অফিসে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, শ্রমিকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। অযথা যেন কোনো শ্রমিককে গ্রেপ্তার করা না হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে।গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: গাজীপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার কাশিমপুর এলাকায় আশরাফ নিট ওয়্যার নামের একটি তৈরি পোশাক কারখানায় গতকাল দুপুরে আগুনে কাপড়, সুতা ও যন্ত্রপাতি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাজীপুর ও ঢাকা ইপিজেড এলাকার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থালে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।গাজীপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা আবু জাফর জানান, দুপুর দুইটার দিকে কারখানাটির স্যুয়িং বিভাগে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই কারখানার গুদাম ও উৎপাদন বিভাগে রক্ষিত তৈরি পোশাক, সুতা ও যন্ত্রপাতি পুড়ে যায়।