কালিয়াকৈরে ছাত্র-শ্রমিক সংঘর্ষে পাঁচজন আহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পরিবহন শ্রমিকদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে। উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় গতকাল বুধবার সকালে এ সংঘর্ষ হয়।এলাকাবাসী সূত্র জানায়, কালিয়াকৈর-নবীনগর সড়কের বাড়ইপাড়া এলাকা থেকে যাত্রীবাহী একটি বাসে ওঠে কয়েকজন ছাত্র। চন্দ্রা এলাকায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের ওই ছাত্রদের সঙ্গে ওই বাসের চালকের সহযোগীর বাগিবতণ্ডা হয়। বাসটি চন্দ্রা ত্রিমোড়ে আসার পর ওই ছাত্ররা বাসচালক ও তাঁর সহযোগীদের মারধর করে। এ সময় আশপাশের যানবাহন-শ্রমিকেরা উত্তেজিত হয়ে ছাত্রদের ওপর চড়াও হন। পরে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে পরিস্থিতি শান্ত হয়। চালকের দুই সহযোগী রফিক মিয়া ও কন্ট্রাক্টর রাব্বিকে আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।