কালিয়াকৈরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় গতকাল রোববার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, বেলা ১১টার দিকে আধিপত্য বিস্তার কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সেলিম আহমেদের সমর্থকদের সঙ্গে ছাত্রলীগের ফারুক ও রফিকের অপর একটি পক্ষের সংঘর্ষ বাধে। এ সময় ছাত্রলীগের কর্মীরা কয়েকটি প্রাইভেট কার ও যাত্রীবাহী বাস ভাঙচুর করেন। খবর পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের মধ্যে রাজ্জাক, শিপু, ফারুক ও রফিককে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সেলিম আহাম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মৌচাক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কেউ থানায় কোনো অভিযোগ করেনি।