কালিয়াকৈরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, এসআই আহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় গতকাল বৃহস্পতিবার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ইকু টেক্সটাইল মিলস লিমিটেড নামের একটি কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সেলিম আজাদ। বেশ কিছুদিন ধরেই ছাত্রলীগের অন্য একটি পক্ষ ওই ব্যবসা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছিল। গতকাল সকাল ১০টার দিকে সেলিমসহ কয়েকজন নেতা-কর্মী ট্রাকে করে ঝুট নিয়ে যাচ্ছিলেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের উপবৃত্তিবিষয়ক সম্পাদক রেজাউল করিমের নেতৃত্বে ২৫-৩০ জন নেতা-কর্মী তাঁদের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এতে উভয় পক্ষের চারজন আহত হন। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ, গাজীপুর শিল্প পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে মৌচাক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম আহত হন। তাঁকে সফিপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে আহত অন্য ব্যক্তিরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।