কালিয়াকৈরে জমি জালিয়াতির ঘটনায় আরও দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের নিরীহ কৃষকের শত শত বিঘা জমি জাল দলিলের মাধ্যমে হাতিয়ে নেওয়ার ঘটনায় গতকাল শুক্রবার কালিয়াকৈর থানায় আরও দুটি মামলা করা হয়েছে। জমি জালিয়াতির ঘটনায় এ নিয়ে কালিয়াকৈর থানায় ছয়টি মামলা করা হলো। পুলিশ সূত্রে জানা গেছে, আটাবহ ইউনিয়নের নয়টি গ্রামের কৃষকের শত শত বিঘা জমি ফিয়াজ রিয়েল এস্টেটের মালিক ওয়াহিদুর রহমান ও রাজ হাউজিং কোম্পানির মালিকসহ স্থানীয় ভূমিদস্যুরা মৃত এক ব্যক্তিকে জীবিত দেখিয়ে ও জাল দলিলের মাধ্যমে ৫০০ বিঘা জমি হাতিয়ে নিয়েছে। ওই ঘটনায় কয়েক দিন আগে কালিয়াকৈর থানায় চারটি মামলা করা হয়।সর্বশেষ গতকাল উপজেলার হিজলহাটি গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক ওয়াজ উদ্দিন বাদী হয়ে নয়জনকে ও মজিবুর রহমান বাদী হয়ে সাতজনকে আসামি করে কালিয়াকৈর থানায় দুটি মামলা করেন।মামলা হলে আসামি তমছের আলী, আবদুর রহমানসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। নিজেদের জমি রক্ষা ও ভূমিদস্যুদের প্রতিরোধে গঠিত সংগ্রাম পরিষদের সচিব হাজী আলাউদ্দিন সিরাজী জানান, জমি জালিয়াতির মূল হোতা, মামলার প্রধান আসামি ওয়াহিদুর রহমান ও খান টিপু সোলতানকে দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।সংগ্রাম পরিষদের যুগ্ম সদস্যসচিব হুমায়ুন কবীর জানান, জমি জালিয়াত চক্রের সদস্যরা এখনো জমি জালিয়াতি করে লিখে নেওয়ার পাঁয়তারা করছে।