কালিয়াকৈরে জুতা কারখানায় অগ্নিকাণ্ড, আহত ৫
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটিতে গত রোববার রাতে জুতা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কারখানার আগুন নেভাতে গিয়ে কমপক্ষে পাঁচজন শ্রমিক আহত হয়েছেন।ফায়ার সার্ভিস ও কারখানার কর্তৃপক্ষ জানায়, হরিণহাটি এলাকার অ্যাপেক্স অ্যাডেলকি ফুটওয়্যার লিমিটেড নামের ওই কারখানার দ্বিতীয় তলায় রোববার রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অল্প সময়ের মধ্যে আগুন পুরো দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর, সাভার ইপিজেড ও ঢাকার সদর দপ্তর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে দুই ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন নেভাতে গিয়ে কারখানার পাঁচ শ্রমিক আহত হন। আহত শ্রমিকদের চারজনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। অপরজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। কারখানার মহাব্যবস্থাপক সৈয়দ মো. মোস্তাক দাবি করেন, অগ্নিকাণ্ডে জুতা তৈরির তিনটি মূল্যবান মেশিন, রপ্তানির জন্য প্রস্তুত ৩০ হাজার জোড়া জুতা, ৩৫ হাজার জোড়া জুতা তৈরির উপাদান, রাফিং মেশিন, লাস্টিং মেশিন, গ্লেস মেশিন ও সুইং মেশিন পুড়ে ছাই হয়ে গেছে।গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে কারখানার প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অগ্নিকাণ্ডে ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।