কালিয়াকৈরে ঝুঁকিপূর্ণ দুটি সেতুতে চলছে যানবাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের লতিফপুরে সেতুতে চলছে যানবাহন। ইনসেটে সেতুতে যান চলাচলে নিষেধাজ্ঞার সাইনবোর্ড। গত বৃহস্পতিবার তোলা ছবি l প্রথম আলো
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের লতিফপুরে সেতুতে চলছে যানবাহন। ইনসেটে সেতুতে যান চলাচলে নিষেধাজ্ঞার সাইনবোর্ড। গত বৃহস্পতিবার তোলা ছবি l প্রথম আলো

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুটি সেতুকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে অনেক আগে। এরপরও সেতু দুটি দিয়ে নিয়মিত দূরপাল্লার বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচল করছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সেতু ব্যবহারকারীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় অনেক বছর আগে ঘাটাখালি নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হয়। প্রায় ৩০ বছর আগে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পাশে আরেকটি বেইলি সেতু নির্মাণ করা হয়। ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও ঘাটাখালি সেতুটি দিয়ে যানবাহন চলাচল করছে। এ ছাড়া উপজেলার কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের চাপাইর এলাকায় তুরাগ নদের ওপর অপর একটি বেইলি সেতুও ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। সেতু দুটিতে ভারী যানবাহন চলাচল নিরুৎসাহিত করতে সাইনবোর্ড টানিয়ে দিয়েছে সড়ক বিভাগ।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ঘাটাখালি নদীর ওপর ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস চলাচল করছে। সেতুটিতে নিয়মিত চলাচলকারী কয়েকটি যানের চালক ও তাঁদের সহযোগীরা জানান, গাড়ি নিয়ে উঠলেই সেতুটি কেঁপে ওঠে। বাসের চালক রহিম উদ্দিন বলেন, সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে তাঁরা তা জানেন। সাইনবোর্ড দেখেও তাঁদের নিয়মিত ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে।
এ ছাড়া উপজেলার কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে চাপাইর এলাকায় তুরাগ নদের ওপর অপর একটি বেইলি সেতুতে যানবাহনের জটলা বেঁধে থাকতে দেখা গেল। একটু সামনে গিয়ে জানা গেল, সেতুতে একটি ট্রাক বিকল হওয়ায় জটলার সৃষ্টি হয়েছে। সেখানে কথা হয় অটোরিকশাচালক গফুর মিয়ার সঙ্গে। গফুর মিয়া বলেন, বিকল্প সড়ক থাকলেও সেটি অনেক ঘুরে আসতে হয়। তাই বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ সেতুটি ব্যবহার করতে হয়। স্থানীয় ব্যক্তিরা বলছেন, সেতুটি নতুন করে পুনর্নির্মাণ করতে বেশ কয়েকবার মাপজোখ নিয়ে গেছে কর্তৃপক্ষ। কিন্তু কোনো কাজ হয়নি। এই সেতুর ওপর দিয়ে উপজেলার চাপাইর, মেদীআশুলাই, রসিদপুর, পাইকপাড়া, জাথালিয়া, ফুলবাড়িয়া, শ্রীপুর উপজেলার মাওনা এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুড়িপাড়া, আজগানাসহ বিভিন্ন গ্রামের মানুষ প্রতিদিন চলাচল করে।
গাজীপুর পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আকবর আলী বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এ সেতু অনেক পুরোনো। এ সেতুর ওপর দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে। বারবার সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে জানানো হলেও কাজ হয়নি।
গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী এ কে এম নাহিন রেজা বলেন, বেইলি সেতুটি পুনঃ স্থাপন করতে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া চাপাইর সেতু নিয়েও কাজ করা হচ্ছে।