কালিয়াকৈরে ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ আহত ১০
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির সামনে গতকাল বুধবার সকালে একটি কারখানার ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সফিপুরে গোমতি টেক্সটাইল মিলস লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানায় গতকাল বেলা ১১টার দিকে আনিচুর রহমান নামের এক ব্যবসায়ী ঝুট বের করতে যান। এ সময় মান্নান সিকদারের লোকজন ঝুট মাল বের করতে বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আশপাশের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রমজান, আনিচ, দুলাল, রফিক, সবুজ মিয়া, সেলিম হোসেন ও ইমনকে সফিপুর চন্দ্রমল্লিকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়েছি, তবে কেউ অভিযোগ দায়ের করেনি।