কালিয়াকৈরে ট্রাকে পেট্রলবোমা চালক ও দুই ব্যবসায়ী অগ্নিদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে গতকাল বুধবার রাতে একটি সবজিবাহী ট্রাকে পেট্রলবোমা হামলা চালান অবরোধকারীরা। এতে ট্রাকচালক ও দুই সবজি ব্যবসায়ী অগ্নিদগ্ধ হন।
অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের সাটুরিয়ার কাণ্ডাপাড়া এলাকার ট্রাকচালক মো. মোকছেদ আলী (৩১), রংপুরের নগরের হাজিলখানা এলাকার সবজি ব্যবসায়ী আলমগীর হোসেন (৪০) ও রামজীবন এলাকার লোকমান হোসেন (৩৮)।
এলাকাবাসী ও পুলিশ জানান, গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী বাজারের কয়েকজন সবজি ব্যবসায়ী সবজি আনতে মানিকগঞ্জে যান। সেখান থেকে সবজি নিয়ে কোনাবাড়ী ফিরছিলেন। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের সফিপুর বাজারের পূর্ব পাশে রাত সাড়ে ১০টার দিকে অবরোধকারীরা ট্রাকটির গতিরোধ করেন এবং তিন-চারটি পেট্রলবোমা ছুড়ে মারেন। পরে আশপাশের লোকজন এসে ট্রাকের আগুন নেভান এবং অগ্নিদগ্ধ তিনজনকে সফিপুর জেনারেল হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সফিপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আজহার জানান, তিনজনেরই হাত, পা, মুখসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরির্দশক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম জানান, ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় দায়ীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।