কালিয়াকৈরে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১ আহত ৪
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায় মালবাহী ট্রাক ও ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকচালক নিহত ও কমপক্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। নিহত রাজু মিয়া (২০) গাজীপুর সদর উপজেলার কড্ডা এলাকার সরবেশ আলীর ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাব এলাকা থেকে গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে একটি ট্রাক স্কুলের চেয়ার-টেবিল নিয়ে কোনাবাড়ী এলাকায় যাচ্ছিল। ট্রাকটি সাকাশ্বর রেলক্রসিং অতিক্রম করার সময় খুলনা থেকে জয়দেবপুরগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাকটির পেছন দিকে সংঘর্ষ হলে সেটি ছিটকে পড়ে। এতে ট্রাকের সামনের দিকে থাকা চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কোনাবাড়ী এলাকার শরীফ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালক রাজু মিয়া মারা যান। অন্যদের চিকিৎসা দেওয়া হয়েছে।ওই এলাকার ব্যবসায়ী আবু বকর জানান, গত শুক্রবার বিকেলে একই স্থানে রেলক্রসিং অতিক্রম করার সময় এক যুবক নিহত হয়েছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে সাকাশ্বর এলাকার রেলক্রসিংয়ে গেট ব্যারিয়ার নির্মাণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করছে না। এ পর্যন্ত ওই স্থানে ছোট-বড় ৩০ থেকে ৩৫টি দুর্ঘটনা ঘটেছে। রতনপুর এলাকার মৌচাক স্টেশনের কর্মকর্তা মাসুম মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।