কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে দাদা ও নাতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়দেবপুর-রাজশাহী রেললাইনের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় গতকাল সোমবার সকালে ট্রেনের নিচে কাটা পড়ে দাদা-নাতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, সামছুল হক (৭০) ও তাঁর নাতি সিহাব (৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার লতিফপুর বাইপাস থেকে খাড়াজোড়া সড়কের গোয়ালবাথান এলাকার রেলক্রসিং এলাকার দুই পাশে বেশ কয়েকটি দোকান গড়ে উঠেছে। গতকা সকাল নয়টার দিকে রেললাইনের পাশের একটি দোকান থেকে শিশু সিহাব একটি পাউরুটি কিনে রেললাইনের ওপর দাঁড়িয়ে খাওয়ার সময় বিপরীত দিক থেকে একটি ট্রেন এসে পড়ে। এ সময় দাদা সামছুল হক ট্রেনটি দেখে দ্রুত নাতিকে সরিয়ে আনতে গেলে দুজনই ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের নিচে কাটা পড়েন। পরে বাড়ির লোকজন লাশের ছিন্নবিচ্ছিন্ন অংশ বস্তায় ভরে বাড়িতে নিয়ে যায়। রেললাইনের পাশের দোকানদার মোজাম্মেল প্রথম আলোকে জানান, ওই এলাকার ওপর দিয়ে যখন রেললাইন বসানোর কাজ হয় তখন থেকেই এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। ওই সময় থেকেই এলাকাবাসী গেট ব্যারিয়ার নির্মাণ করার দাবি জানিয়ে এলেও আজও তা বাস্তবায়ন হয়নি। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, ‘লোকমুখে রেল দুর্ঘটনার খবর পেয়েছি। কিন্তু রেল কর্তৃপক্ষ আমাদের কোনো সংবাদ না দেওয়ায় লাশ উদ্ধার করতে যাওয়া হয়নি।’