কালিয়াকৈরে ডাইং কারখানায় ডাকাতি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকার একটি ডাইং কারখানায় গত শনিবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের আঘাতে কারখানার চারজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।কারখানা সূত্রে জানা গেছে, উপজেলার মাটিকাটা এলাকার কেসেন্ডা ইয়ং ডাইং নামের একটি কারখানায় গত শনিবার রাত দেড়টার দিকে ১৫ থেকে ১৬ জনের সশস্ত্র ডাকাতদল কারখানার বাউন্ডারি ওয়াল টপকিয়ে ভেতরে ঢোকে। এ সময় নিরাপত্তাকর্মীরা বাধা দিলে তাঁদের মারধর করে হাত-পা বেঁধে ফেলে রাখে। পরে ডাকাতেরা কারখানার মূল ভবনের ভেতর ঢুকে কাখানার মূল্যবান কেব্ল, প্রায় দুই হাজার পাউন্ড সুতা, দুটি জেনারেটরের ব্যাটারি, নগদ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে একটি ট্রাকে করে পালিয়ে যায়। আহত নিরাপত্তাকর্মীরা চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে। আহত নিরাপত্তাকর্মী শাজাহান মিয়া (৫০), আহমঞ্চদ আলী (৪৫), মানিক মিয়া (৪০) ও হেদায়েতুল ইসলামকে (৪৫) স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতেরা কারখানার প্রায় ২৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে এবং কারখানার ৪ নিরাপত্তাকর্মীকে পিটিয়ে আহত করেছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ডাকাতির ঘটনা শুনে কারখানায় গিয়ে পরিদর্শন করা হয়েছে। ওই ঘটনায় অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।