কালিয়াকৈরে ডাকাত আতঙ্ক রাত জেগে পাহারা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় ১০-১২টি গ্রামে আতঙ্ক দেখা দিয়েছে। সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা প্রায়ই কোনো না কোনো গ্রামে হানা দিয়ে লুটে নিচ্ছে টাকাসহ মূল্যবান মালপত্র। তাদের প্রতিহত করতে কয়েকটি গ্রামের বাসিন্দারা পালা করে রাত জেগে পাহারা দিচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, হবুয়ারচালা, পাইকপাড়া, নিশ্চিন্তপুর, কোটামনি ও আমতলী গ্রামের লোকজন দুটি দলে বিভক্ত হয়ে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া সড়কের পাইকপাড়া, হবুয়ারচালা এলাকায় রাত জেগে পাহারা দিচ্ছে। সঙ্গে থাকছে লাঠি, টর্চ লাইট ও বাঁশি। মাঝে মাঝে ‘ডাকাত ধর ধর’ বলে তাঁদের চিৎকার করতেও দেখা গেছে। পাহারায় নিয়োজিত গ্রামবাসীর কয়েকজন জানান, পাইকপাড়া ও হবুয়ারচালা নামক স্থানে প্রায়ই ডাকাতেরা রাস্তায় গাছ ফেলে অথবা বাঁশের ব্যারিকেড দিয়ে যানবাহন থামিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা ও মালামাল লুট করে নিচ্ছে। মোটরসাইকেল ছিনতাইয়ের সংখ্যাও কম নয়। বাধা দিলে ডাকাত দল সাধারণ মানুষকে কুপিয়ে জখম করে। কোনো কোনো ক্ষেত্রে খুনও করা হয়। গত এক মাসে ওই এলাকায় প্রায় ২০ থেকে ২৫টি ডাকাতির ঘটনা ঘটেছে বলে তারা জানান। সড়কের দুই পাশে গজারি বন থাকায় ডাকাতেরা নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়। প্রায় প্রতি রাতে ডাকাতির ঘটনায় আশপাশের গ্রামের মানুষ আতঙ্কে রাত কাটায়। সন্ধ্যার পর ওই সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। সর্বশেষ গত এপ্রিল মাসের ২৫ তারিখ রাতে ১৩ জন ডাকাতকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দারা চাঁদা তুলে নৈশপ্রহরী নিয়োগ করেছেন। একই অবস্থা সাকাশ্বার এলাকায়। সেখানেও ডাকাত আতঙ্কে গ্রামবাসী পালা করে রাত জেগে পাহারা দিচ্ছে।হবুয়ারচালা গ্রামের পাহারারত একটি দলের নেতা শওকত হোসেন প্রথম আলোকে জানান, সম্প্রতি এখানে পুলিশি টহল বেড়েছে। অপর দলনেতা বোয়ালী ইউনিয়ন পরিষদের সদস্য আমির হোসেন প্রথম আলোকে জানান, কয়েক মাস আগে ডাকাত দলের সঙ্গে ওই ইউনিয়নে পুলিশের গুলিবিনিময় হয়। সাকাশ্বর গ্রামের আবু বকর সিদ্দিক জানান, সাকাশ্বর, বেগমপুর, রেললাইন এলাকার আশপাশের গ্রামের বিভিন্ন বাড়িতে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে ও আশপাশের এলাকায় ডাকাত দলকে প্রতিরোধ করতে কমিউনিটি পুলিশ গঠন করা হয়েছে। তারা ২১ জন করে মোট ৪২ জনের দুটি দল রাত জেগে পাহারা দিচ্ছে। এ ছাড়া ডাকাত প্রতিরোধে পুলিশের একাধিক টহল দল কাজ করে যাচ্ছে।