কালিয়াকৈরে ডাকাত সন্দেহে ১৩ শ্রমিককে গণপিটুনি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হবুয়ারচালা গ্রামে ডাকাত সন্দেহে ১৩ শ্রমিককে পিটুনি দিয়েছে এলাকাবাসী। তাঁদের উদ্ধার করতে গেলে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। গত রোববার রাতে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে শ্রীপুর উপজেলার মাওনা এলাকার মেঘনা বাংলাদেশ লিমিটেড কারখানার ১৩ জন শ্রমিক একটি কাভার্ডভ্যানে করে সাভার ইপিজেডের অপর একটি কারখানায় যাচ্ছিলেন। রাত নয়টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কের ওই গ্রামে পৌঁছালে কাভার্ডভ্যানের ভেতর লোক দেখে এলাকাবাসী ডাকাত বলে সন্দেহ করে তাঁদের গতিরোধ করে। এ খবর আশপাশের গ্রামে ছড়িয়ে পড়লে শত শত গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে ওই শ্রমিকদের পিটুনি দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে ওই কাভার্ডভ্যান নিয়ে রওনা হয়। সড়কের বড় কাঞ্চনপুর এলাকায় উত্তেজিত গ্রামবাসী পুলিশসহ ওই শ্রমিকদের কাভার্ডভ্যানের গতিরোধ করে পাশের একটি মাঠে নিয়ে যায়। পরে পুলিশ গ্রামবাসীকে লাঠিপেটা করার চেষ্টা করলে উল্টো গ্রামবাসী পুলিশের ওপর চড়াও হয়। এ সময় পুলিশ কৌশলে ওই কাভার্ডভ্যানের ভেতর শ্রমিকদের রেখেই তালা ঝুলিয়ে দেয়। গ্রামবাসী পুলিশকে ধাওয়া দিয়ে সরিয়ে লাঠিসোঁটা দিয়ে ওই কাভার্ডভ্যানটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে। রাত সাড়ে ১১টার দিকে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, গ্রামবাসী ওই শ্রমিকদের ডাকাত ভেবে গণপিটুনি দেয়।