কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতির সময় তিন জনকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেগমপুর এলাকায় গত বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে রফিক মিয়া (২৫), রুবেল আহাম্মেদ (২২) ও সোহেল রানা (২৭) নামের তিনজনকে আটক করে পিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। এ সময় উত্তেজিত জনতা একটি প্রাইভেট কার পুড়িয়ে দেয়।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বেগমপুরসহ আশপাশের গ্রামে গত কয়েক মাসে তিন-চারটি ডাকাতির ঘটনা ঘটেছে। এ জন্য ডাকাতদের প্রতিহত করতে এলাকাবাসী রাতে পালাক্রমে দল বেঁধে পাহারা দেয়। বৃহস্পতিবার রাত ১২টার দিকে পাঁচ-ছয়জনের ডাকাত দল একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল নিয়ে বেগমপুর এলাকার তালুকদার মার্কেটের সামনে আসে। পাহারারত লোকজনের সন্দেহ হলে তাঁরা ওই গাড়ির কাছে গিয়ে আরোহীদের পরিচয় জানতে চায়। এ সময় ডাকাতেরা গুলি করার হুমকি দেয়। তখন পাহারারত লোকজনের চিৎকারে এলাকাবাসী এসে তিন ডাকাতকে আটক করে পিটুনি দেয়। পরে এলাকাবাসী ডাকাতদের ব্যবহূত গাড়ি থেকে দুটি রামদা ও একটি কিরিচ উদ্ধার করে। উত্তেজিত এলাকাবাসী গাড়িটি পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক তিন ডাকাতকে গ্রেপ্তার এবং মোটরসাইকেল ও অস্ত্রগুলো জব্দ করে।মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার রফিকের বাড়ি গাজীপুর সদর উপজেলার লোহাকৈর গ্রামে, রুবেলের বাড়ি মৌচাক গ্রামে এবং সোহেলের বাড়ি দেওয়ালিয়ায়। অন্য ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।