কালিয়াকৈরে ড্রাম বিস্ফোরণে তিনজন দগ্ধ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের একটি ওয়ার্কশপে তেলের ড্রাম বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের ওই ঘটনায় ওয়ার্কশপের দুই কর্মচারীসহ তিনজন দগ্ধ হয়েছেন।
দগ্ধ ব্যক্তিরা হলেন কর্মচারী বিল্লাল হোসেন (৪০) ও জাহিদ হোসেন (২৫) এবং পথচারী শাহিন মিয়া।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, সফিপুর বাজার এলাকায় সিকদার কমপ্লেক্সের ভেতরে শাহ্জালাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ওই ঘটনা ঘটে। স্থানীয় একটি কারখানার কর্মকর্তারা ওই ড্রামটিতে ছিদ্র করে একটি কল লাগাতে বলেন। গতকাল বেলা দেড়টার দিকে ওই ওয়ার্কশপের দুজন কর্মচারী তেলের ড্রামটিতে কল লাগানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে ড্রামটি বিস্ফোরিত হয়। এতে ওই ওয়ার্কশপের কর্মচারী বিল্লাল ও জাহিদের শরীরে আগুন লেগে যায়। এ সময় পাশের একটি মুদির দোকানে আগুন ধরে গেলে এর পাশে থাকা শাহিন নামের এক পথচারীও দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান।