গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে প্রায় ১৫টি স্থানে তিতাসের ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইন ছিদ্র হয়ে বিরামহীনভাবে গ্যাস বের হচ্ছে, কিন্তু ছিদ্রগুলো মেরামতের কোনো উদ্যোগ নেই। এ জন্য যেকোনো মুহূর্তে আগুন ধরে ঘটতে পারে বড় দুর্ঘটনা।এলাকাবাসী সূত্রে জানা গেছে, তিতাসের ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশ দিয়ে জয়দেবপুর থেকে যমুনা সেতু পর্যন্ত চলে গেছে। উপজেলার তেলিরচালা থেকে কালিয়াকৈর পর্যন্ত ১০-১৫টি স্থানে পাইপ ছিদ্র হয়েছে। এসব ছিদ্র দিয়ে দীর্ঘদিন ধরে অবিরাম গ্যাস বের হচ্ছে। ওই সব স্থানে এযাবৎ আট-নয়বার অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটছে।জানা গেছে, উপজেলার তেলিরচালা কোনাবাড়ী কলেজের সামনে মহাসড়কের একটি সেতুর দুই পাশের দুটি স্থানে, মৌচাক এলাকায় হানিফ স্পিনিং মিলের পাশে ও স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের সীমানাপ্রাচীরের পাশে, সফিপুর বাজারের কৃষি ব্যাংকের সামনে দুটি স্থানে, একই এলাকার করতোয়া রোডের পাশে, হরিণহাটি এলাকার অ্যাপেক্স ফার্মাসিউটিক্যালসের ফটকের পাশে ও ইস্টার লিংক কারখানার দক্ষিণ পাশে, চন্দ্রা (পল্লি বিদ্যুৎ) এলাকার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পাশে এবং চন্দ্রা সাউথইস্ট লিমিটেড নামে কারখানার সামনে পাইপলাইনে ছিদ্র দিয়ে অনবরত গ্যাস বের হচ্ছে।চন্দ্রা এলাকার ব্যবসায়ী ইউছুফ আহাম্মেদ জানান, সাত-আট দিন আগে চন্দ্রা এলাকার সেতুর পাশে বিকট শব্দে তিতাসের গ্যাস পাইপ ফেটে আগুন ধরে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই সময় তিতাসের লোকজনকে খবর দেওয়া হলেও বৃহস্পতিবার (গতকাল) পর্যন্ত তাঁরা মেরামতের কোনো উদ্যোগ নেননি। এলাকাবাসী স্থানটি লাল ফিতা দিয়ে ঘিরে রেখেছে।তেলিরচালা এলাকার আবদুর রাজ্জাক বলেন, ‘আমাদের এলাকায় যেভাবে গ্যাস বের হচ্ছে, তাতে মনে হয় না দেশে গ্যাসের সংকট রয়েছে।’চন্দ্রা (পল্লি বিদ্যুৎ) এলাকার মাহফুজুর রহমান বলেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের অবহেলার কারণে প্রতিদিন প্রচুর গ্যাস উড়ে যাচ্ছে। এই গ্যাস দিয়ে শতাধিক পরিবারের জ্বালানি চাহিদা মেটানো যেত।তিতাস গ্যাসের টঙ্গী শাখার ব্যবস্থাপক (মেরামত) রতন কুমার দে প্রথম আলোকে জানান, তিতাসের ভূগর্ভস্থ পাইপলাইনে ডিসি বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু জায়গার অভাবে জয়দেবপুর থেকে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ পর্যন্ত তা দেওয়া হয়নি। ডিসি বিদ্যুৎ না দেওয়ায় এবং কারখানার বর্জ্যের কারণে মাটির নিচে গ্যাস পাইপ ছিদ্র হয়ে যাচ্ছে।তিতাসের গাজীপুর শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, পর্যায়ক্রমে ছিদ্রগুলো মেরামত করা হচ্ছে।