কালিয়াকৈরে তিতাসের পাইপ ফুটো হয়ে বেরোচ্ছে গ্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা ও চন্দ্রা এলাকার তিনটি স্থানে তিতাসের ভূগর্ভস্থ গ্যাস সরবরাহ পাইপ ফুটো হয়ে গ্যাস বেরোচ্ছে। ওই সব স্থানে আগুন ধরে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এলাকার লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।এলাকাবাসী জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশ দিয়েই তিতাসের একাধিক গ্যাস পাইপলাইন গিয়েছে। এসব লাইন থেকে কোনাবাড়ি এলাকায় বিসিকসহ বহু শিল্প-কারখানা ও বসতবাড়িতে গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে। গতকাল সকাল নয়টার দিকে উপজেলার তেলিরচালা এলাকায় গ্যাস পাইপ ফুটো হয়ে মহাসড়কের উত্তর পাশে বৃষ্টিতে জমে থাকা পানির নিচ থেকে এবং সড়কের দক্ষিণ পাশের একটি খালের পানির নিচ থেকে বুদবুদ আকারে গ্যাস বেরোয়। অন্যদিকে ১৫-১৬ দিন ধরে চন্দ্রা এলাকায় একইভাবে তিতাসের ভূগর্ভস্থ গ্যাসলাইন ফুটো হয়ে গ্যাস বেরোচ্ছে।তেলিরচালা এলাকার ব্যবসায়ী আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, তাঁর করাত মিলের পাশ দিয়ে মাটির নিচ থেকে গ্যাস বের হচ্ছে। ওই গ্যাসে কোনোভাবে আগুন ধরে গেলে তাঁর মিলসহ আশপাশের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হবে। একাধিকবার তিতাসের লোকজনকে বিষয়টি জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে জানান আবদুর রাজ্জাক।এ বিষয়ে জানতে চাইলে তিতাসের গাজীপুর শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দু-তিন দিনের মধ্যে পাইপ মেরামতের ব্যবস্থা করা হবে।