কালিয়াকৈরে তিতাসের ভূগর্ভস্থ পাইপ ফেটে বের হচ্ছে গ্যাস
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে তিতাসের ভূগর্ভস্থ একটি পাইপ ফুটো হয়ে গতকাল শুক্রবার ভোর থেকে গ্যাস বের হচ্ছে। গ্যাসে আগুন ধরে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় লোকজন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মৌচাক কোকোলা ফুড প্রোডাক্ট নামের কারখানার সামনের সড়কের দক্ষিণ পাশে নর্দমার নিচে বেশ কয়েক দিন ধরেই অল্প অল্প গ্যাস বের হচ্ছিল। গতকাল শুক্রবার ভোরে হঠাৎ বিকট শব্দ হয়। এর পর থেকে ওই স্থানে অনেক বেশি পরিমাণে গ্যাস বের হচ্ছে। এর পাশেই একটি ওয়াশিং কারখানা ও আট-নয়টি দোকান রয়েছে। যেকোনো মুহূর্তে ওই স্থানে আগুন ধরে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসী ওই স্থানটি রশি দিয়ে ঘিরে দিয়েছে।কয়েক মাস আগে ওই স্থানে গ্যাস থেকে আগুন লেগে ১০টি দোকান এবং ওই ওয়াশিং কারখানাটি পুড়ে গিয়েছিল। পরে তিতাস কর্তৃপক্ষ পাইপটি মেরামত করে। এলাকাবাসী জানিয়েছে, মেরামত নিম্নমানের হওয়ায় পাইপ ফেটে আবার গ্যাস বের হচ্ছে। এ ছাড়া ওই স্থান থেকে এক কিলোমিটার পশ্চিমে মালেক স্পিনিং কারখানার গেটের সামনের একটি ব্রিজের পাশ থেকে একইভাবে গ্যাস বের হতে দেখা গেছে।তিতাসের গাজীপুর শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, ‘গ্যাস বের হওয়ার খবর পেয়েছি। মেরামতের দায়িত্বে থাকা টঙ্গী অফিসকে জানানো হয়েছে। দ্রুত ওই স্থানে মেরামতের কাজ করা হবে।’