কালিয়াকৈরে তিতাসের ভূগর্ভস্থ লাইনে বিস্ফোরণ, আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় গতকাল সোমবার সকালে তিতাসের ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটেছে। এ সময় ওই স্থানে আগুন ধরে গেলে আশপাশে আতঙ্কের সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার হরিণহাটি এলাকার অ্যাপেক্স ফার্মা নামের একটি ওষুধ কারখানার গেটের পূর্বদিকে গতকাল সোমবার সকাল নয়টার দিকে তিতাসের ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে একটি নালার পানি তিন-চার ফুট ওপরে উঠে গিয়ে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এ সময় আশপাশে ব্যাপক আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে প্রায় এক ঘণ্টা পর কালিয়াকৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই স্থানটিকে বিপজ্জনক ঘোষণা করে আশপাশে লাল নিশানা টানিয়ে দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও তিতাসের ভূগর্ভস্থ পাইপ থেকে বুদ্বুদ করে ব্যাপকভাবে গ্যাস বের হচ্ছে। আবারও যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। অপরদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার তেলিরচালার দুটি স্থানে, মৌচাক বাজার এলাকায় দুটি স্থানে, সফিপুর বাজার এলাকায় কয়েকটি স্থানে, চন্দ্রা (পল্লী বিদ্যু ৎ ) এলাকায় দীর্ঘদিন ধরে বুদ্বুদ করে গ্যাস বের হলেও আজ পর্যন্ত সেগুলো মেরামত করা হয়নি। এ ছাড়া এ পর্যন্ত ওই সড়কের পাশের তিতাসের ভূগর্ভস্থ গ্যাস লাইনে একাধিকবার বিভিন্ন স্থানে গ্যাস বের হওয়ার ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।হরিণহাটি এলাকার ব্যবসায়ী মো. সেলিম হোসেন জানান, ওই স্থানে যেভাবে গ্যাস বের হচ্ছে তাতে যদি কেউ কোনো কারণে আগুন ধরিয়ে দেয় তা হলে যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম আগুন নিয়ন্ত্রণ ও লাল নিশানা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।গাজীপুর তিতাসের ব্যবস্থাপক নজরুল ইসলাম জানান, সেসব স্থানে গ্যাস বের হচ্ছে সেগুলো মেরামত বিভাগ তদন্ত করেছে এবং দ্রুত ফাটল মেরামত করা হবে।