কালিয়াকৈরে তিন ছিনতাইকারী গ্রেপ্তার ছুরিকাঘাতে আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলিতে গত বুধবার এলাকাবাসী তিন ছিনতাইকারীকে গণপিটুনি দিয়েছে। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুজন আহত হয়। পরে পুলিশ এসে ছিনতাইকারীদের গ্রেপ্তার করে।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ঘটনার দিন রাতে রেফাজ উদ্দিন ও সোলাইমান নামের দুই গ্রামবাসী কালিয়াকৈর বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। পথে হিজলতলিতে একটি মোটরসাইকেলে করে এসে তিন ছিনতাইকারী তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা তাঁদের পেটে ও হাতে ছুরি দিয়ে আঘাত করে। তাঁদের চিত্কারে আশপাশের লোকজন দৌড়ে এসে ছিনতাইকারীদের গণপিটুনি দেয় এবং তাদের ব্যবহূত পালসার মডেলের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ছিনতাইকারী আজিজুল ইসলাম (২৫), মোরশেদ আলম (৩০) ও আমির হোসেনকে (২৮) গ্রেপ্তার করে। আহত রেফাজ উদ্দিন ও সোলাইমানকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।