কালিয়াকৈরে তিন ছিনতাইকারীকে গণপিটুনি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় গত শনিবার রাতে স্থানীয় লোকজন তিন ছিনতাইকারীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাটিকাটা এলাকার ডালাস ফ্যাশন কারখানার আবদুল আলীম, নুরুল ইসলামসহ চার-পাঁচজন শ্রমিক কাজ শেষে বাড়ি যাওয়ার পথে তালতলী সেতুর কাছে পৌঁছালে একদল ছিনতাইকারী তাঁদের গতি রোধ করে। এ সময় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাঁদের কাছ থেকে পাঁচটি মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় শ্রমিকেরা চিৎকার করলে ছিনতাইকারীরা পার্শ্ববর্তী সিনাবহ বাজারে গিয়ে ওঠে। তখন বাজারের নৈশপ্রহরী ও এলাকাবাসী ছিনতাইকারীদের মধ্যে সজীব, জামাল হোসেন ও শিপনকে ধরে পিটুনি দেয়। পরে তাদের কালিয়াকৈর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিকে উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকা থেকে পুলিশ খোকন মিয়া ও কামাল হোসেন নামে দুই ব্যক্তিকে ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে।মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।