কালিয়াকৈরে তিন ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা (ত্রিমোড়) এলাকায় গতকাল বুধবার দুপুরে দুই সাংবাদিকসহ তিনজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তাঁরা হলেন ইনকিলাব-এর কালিয়াকৈর প্রতিনিধি আবদুল মান্নান (৩৫), গণমুখ-এর প্রতিনিধি লাবিব উদ্দিন (৪০) ও অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩০)। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, ওই সাংবাদিকেরা গতকাল বেলা ১১টার দিকে গাজীপুরের সদর উপজেলার চন্দ্রা এলাকা থেকে বাসযোগে কালিয়াকৈর যাচ্ছিলেন। বাসের মধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে মান্নান, লাবিব উদ্দিন ও অপর এক যাত্রীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে দেয়। এরপর তাঁদের কাছ থেকে তিনটি মুঠোফোন সেট, দুটি ক্যামেরা ও নগদ টাকাসহ মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তাঁদের চন্দ্রা এলাকার গজারি বনের ধারে ফেলে যাওয়া হয়। স্থানীয়রা ওই তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যে বাসটিতে ওই তিন ব্যক্তি উঠেছিলেন, সেটি দুর্বৃত্তদেরই ব্যবহূত বাস।