কালিয়াকৈরে তিনটি কারখানায় বিক্ষোভ পুলিশ মোতায়েন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পোশাক তৈরির তিনটি কারখানার শ্রমিকেরা গতকাল বুধবার বিক্ষোভ করেছেন। বেতন-ভাতার দাবি ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে এই বিক্ষোভ হয় বলে জানা গেছে। কারখানাগুলোর সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, উপজেলার মৌচাক পূর্বাণী ফেব্রিকস লিমিটেড কারখানায় গত মঙ্গলবার তিনজন শ্রমিককে অব্যাহতি দেওয়া হয়। গতকাল বুধবার সকালে শ্রমিকেরা কারখানায় এসে বিষয়টি জানতে পেরে বিক্ষোভ শুরু করেন। পরে কর্তৃপক্ষ ওই তিন শ্রমিককে চাকরিতে পুনর্বহালের দাবি মেনে নিলে শ্রমিকেরা কাজে যোগ দেন।সফিপুর এলাকার গোমতি টেক্সটাইল মিলে নতুন বেতন স্কেলে জুনিয়র শ্রমিকদের অনুপাতে জ্যেষ্ঠ শ্রমিকদের বেতন বাড়ছে না—এই অভিযোগ তুলে গতকাল কর্মবিরতি শুরু করেন শ্রমিকেরা। একপর্যায়ে কারখানার তিন-চারজন কর্মীকে মারধরও করা হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। উপজেলার পুর্বচান্দরা এলাকার ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং কারখানায় নতুন বেতন স্কেলে বেতনের দাবিতে শ্রমিকেরা গতকাল বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। পরে কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা কাজে যোগ দেন। কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। কারখানা তিনটির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।