কালিয়াকৈরে তিনটি পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর, সফিপুর ও চন্দ্রা ত্রিমোড় এলাকার তিনটি পোশাক তৈরির কারখানায় গতকাল বৃহস্পতিবার বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন।পুলিশ সূত্র জানায়, উপজেলার রতনপুর এলাকার করণী নিট কম্পোজিট লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানায় নতুন বেতন কাঠামোয় জ্যেষ্ঠ শ্রমিকদের বেতন কনিষ্ঠ শ্রমিকদের চেয়ে বেশি বাড়ছে না, এমন অভিযোগ এনে শ্রমিকেরা গতকাল সকালে কর্মবিরতি শুরু করেন। পরে শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে কারখানার ভেতর বিক্ষোভ করেন। খবর পেয়ে শিল্পাঞ্চল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও শ্রমিকেরা কর্মবিরতি অব্যাহত রেখে বাড়ি চলে যান।উপজেলার সফিপুর আনসার একাডেমির সামনে একই দাবিতে গোমতি টেক্সটাইল লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা সকাল থেকে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। পরে বেলা তিনটার দিকে কর্তৃপক্ষ তাঁদের দাবি অনুযায়ী বেতন বাড়ানোর ঘোষণা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার নূরুল ওয়্যার লিমিটেডে গতকাল বিকেলে নতুন বেতন কাঠামোয় নভেম্বর মাসের বেতন দেওয়া হয়। এতে সরকার ঘোষিত সাতটি গ্রেডের মধ্যে চতুর্থ গ্রেডের বেতন পাওয়া শ্রমিকদের বেতন বেড়েছে কম। এ কারণে চতুর্থ গ্রেডের শ্রমিকেরা তাঁদের বেতন বাড়ানোর দাবিতে সন্ধ্যায় বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কর্তৃপক্ষ কাল শনিবার সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা আন্দোলন বন্ধ করেন।