কালিয়াকৈরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে একটি মসজিদের হিসাব-নিকাশ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ইউনুছ আলী নামের একজনকে গ্রেপ্তার করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গোয়ালবাথান দক্ষিণ-পূর্বপাড়া বায়তুল নূর জামে মসজিদের হিসাব-নিকাশ নিয়ে মসজিদ কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় কমিটির কর্মকর্তারা এলাকার কাওসার মিয়ার কাছে হিসাব চান। কাওসার হিসাব দিতে অস্বীকার করলে কমিটির আফাজ উদ্দিনের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের কমপক্ষে পাঁচজন আহত হয়। সংঘর্ষের খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া ঘটনাস্থল থেকে কাওসার মিয়ার গ্রুপের সমর্থক ইউনুছ আলীকে গ্রেপ্তার করে। আহত ব্যক্তিদের মধ্যে লালন মিয়া, আফাজ উদ্দিন, আমির হোসেন, কফিল মিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছে।