কালিয়াকৈরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার হরিণহাটি এলাকায় গত শনিবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, ওই দিন রাত ১০টার দিকে হরিণহাটি এলাকার কালাম মার্কেটের সামনে বেকারি ব্যবসায়ী সজিব মিয়ার সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে মার্কেটের দোকানদারদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সজিবকে দোকানদারেরা মারপিট করেন। এ খবর সজিবের লোকজনের কাছে পৌঁছলে তারা লাঠিসোঁটা নিয়ে কালাম ও আলম মার্কেটের আলী ফকিরের মুরগির দোকান, মরিয়ম টেলিকম, গোলাপ, মোতালেবের কাঁচা মালের দোকানসহ পাঁচ-ছয়টি দোকানে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে। এ সময় দোকানদারেরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে সজিব মিয়া (৩২), জালাল উদ্দিন (২৬), মাছুম মিয়া (৩২), অজিত (২৫), বছির উদ্দিন (৩০) ও জুয়েলকে (৩০) গাজীপুর সদর হাসপাতালে ভর্তি এবং নাছির, গোলাপ, মোতালেব, কাশিম, সুমন ও আলী ফকিরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।