কালিয়াকৈরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে গতকাল শুক্রবার জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রামচন্দ্রপুর গ্রামের দুই একর সরকারি খাসজমি স্থানীয় ইসহাক আলী ইজারা নেন। তাঁর ছেলে জয়নাল আবেদিন ওই জমি ভোগ-দখল করে আসছিলেন। একই এলাকার সিদ্দিকুর রহমান ওই জমি নিজের দাবি করে গতকাল বিকেলে দলবল নিয়ে তা দখল করতে যান। খবর পেয়ে জয়নাল তাঁর লোকজন নিয়ে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। তাদের মধ্যে রুমান (১৪), নাছিমা আক্তার (৩০), হুমায়ুন কবির (৪০), রতন মিয়া (২৯), মোমতাজ আক্তার (৩৫), ফেরদৌস (৪০) ও জয়নাল আবেদিনকে (৫০) কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে জয়নাল আবেদিন কালিয়াকৈর থানায় মামলা করেছেন। কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন জানান, ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।