কালিয়াকৈরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর (বোর্ড ঘর) এলাকায় গতকাল শুক্রবার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।নিহত ব্যক্তিরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার আদালতপাড়া এলাকার স্বপন কুমার দে সরকার (৫৫), ঘাটাইল উপজেলার পোড়াবাড়ী গ্রামের মনিরুজ্জামান খান (৩৫) এবং চার বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক শিশু।আহত বাসযাত্রী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সূত্রাপুর ইউনিয়ন পরিষদের সামনে গতকাল সকাল ১০টার দিকে টাঙ্গাইলগামী একটি বাসের সঙ্গে ঢাকাগামী অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুটি বাসের চালক স্বপন ও মনিরুজ্জামান এবং হাসপাতালে নেওয়ার পথে এক শিশুর মৃত্যু ঘটে। দুর্ঘটনায় দুটি বাসের আহত যাত্রীদের মধ্যে আয়শা আক্তার, শিল্পী বেগম, আছিয়া খাতুন, রবিউল ইসলাম, হানিফ মিয়া, আবদুর রহিম, শরিফ হাসান, রেজাউল করিম, আলেয়া, শিরিন, সালেহা, ইসরাফিল, রাফিজুল ইসলাম, মাহমুদুল হাসান ও শিরিন আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতাল, কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্স ও আলজামি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস দুটিও পুলিশ জব্দ করেছে।