কালিয়াকৈরে দুটি ইউপির নির্বাচন ফের স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমানা নিয়ে জটিলতার কারণে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ও শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। একই কারণে এই দুই ইউপির নির্বাচন ১৩ বছর ধরে স্থগিত রয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০১ সালে উপজেলার মৌচাক, শ্রীফলতলী ও আটাবহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কালিয়াকৈর পৌরসভা গঠনের পর ২০০৫ সালে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। কিন্তু মৌচাক ইউনিয়নের সিদ্দিকুর রহমান ও শ্রীফলতলী ইউনিয়নের আবদুর রাজ্জাক সীমানা নির্ধারণ নিয়ে হাইকোর্টে পৃথক রিট করলে এ দুটি ইউপির নির্বাচন স্থগিত করা হয়। সম্প্রতি উপজেলার ওই দুটিসহ নয়টি ইউপির তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ১৬ জুন নির্বাচন হওয়ার কথা। কিন্তু মামলা নিষ্পত্তি না হওয়ায় নির্বাচন স্থগিত করে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন পৃথক দুটি চিঠি উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠায়।মামলার বাদী সিদ্দিকুর রহমান জানান, এখন নতুন করে তিনি আর কিছুই করেননি, মামলাটিও প্রত্যাহার করেননি। নির্বাচন হোক—এটা তিনিও চান।উপজেলা নির্বাচন কর্মকর্তা শওকত আলী জানান, মামলা শেষ হলেই আবার ওই দুই ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।