কালিয়াকৈরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার মহাসড়কে গতকাল শনিবার ভোরে মালবোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন একটি ট্রাকের চালক বগুড়া সদর উপজেলার ইরোলিয়া (পূর্বপাড়া) গ্রামের হাবিবুর রহমান (৩৫) ও অজ্ঞাতনামা এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোর পাঁচটার দিকে চালভর্তি একটি ট্রাক নওগাঁ থেকে ঢাকা যাচ্ছিল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুত্ এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে বগুড়াগামী অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাবিবুর মারা যান। গুরুতর আহত অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে অজ্ঞাতনামা অপর ব্যক্তির মৃত্যু হয়। কোনাবাড়ী হাইওয়ে ফাঁড়ির পুলিশ হাবিবুরের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহত ব্যক্তিদের মির্জাপুর ও কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।কোনাবাড়ী হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, ট্রাক দুটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।