কালিয়াকৈরে দুটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর ও বাড়ইপাড়া এলাকায় দুটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস জানায়, গতকাল শুক্রবার সকালে বাড়ইপাড়ার নর্দান ফ্যাশন লিমিটেড কারখানার সুতার গুদামে আগুন লাগে। একপর্যায়ে আগুন পাশে থাকা অপর একটি সুতার গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ও সাভার ডিইপিজেডের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কারখানায় এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন দুটি গুদামের সুতা, তুলা, ঝুটসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
কারখানার সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) মো. মুসা কাজীম জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার সফিপুর এলাকার যমুনা গ্রুপের শামীম স্পিনিং মিল কারখানার ব্লোরুম সেকশনে আগুন লাগে। মুহূর্তে আগুন ওই সেকশনের পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কারখানায় গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই সেকশনে থাকা তুলা, সুতা, বৈদ্যুতিক সরঞ্জামসহ প্রয়োজনীয় বিভিন্ন মালামাল পুড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল।