কালিয়াকৈরে দুপক্ষের সংঘর্ষ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় গতকাল শুক্রবার দুপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার ফুলবাড়িয়া বাজার এলাকায় প্রবেশিকা উত্তর সংঘ নামের একটি ক্লাব রয়েছে। ওই ক্লাবের সদস্যরা গত বৃহস্পতিবার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদ্যাপন করেন। পুনর্মিলনীতে মফিজুলের পক্ষ ফুলবাড়িয়াকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দেয়। ওই ঘোষণা নিয়ে আবদুল হাকিমের পক্ষের সদস্যদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। ওই দিনের কথা-কাটাকাটির জের ধরে গতকাল দুপুর ১২টার দিকে হাকিমের পক্ষের লোকজন উত্তেজিত হয়ে মফিজুলের পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পরে আশপাশের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ছয়জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে মো. খলিল, টুটুল আহাম্মেদ, এনামুল হক, রফিকুল ইসলাম ও ফজল মিয়াকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের পক্ষের আবদুল হাকিম জানান, ‘মারামারি নয়, দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। পরে অবশ্য আমরা নিজেরাই বিষয়টির মীমাংসা করেছি।’ এ ব্যাপারে মফিজুলের পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেননি।