কালিয়াকৈরে দুর্বৃত্তের হাতে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের সারাবাড়ী গ্রামে এক যুবককে দুর্বৃত্তরা হত্যা করেছে। গতকাল সোমবার সকালে পুলিশ একটি বিল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেছে। তাঁর নাম মো. লিটন (৩০)। তিনি ওই এলাকার সালাম মিয়ার ছেলে। পুলিশ ও নিহত লিটনের পরিবার সূত্রে জানা গেছে, সারাবিলে গত রোববার রাতে লিটন নৌকা নিয়ে মাছ ধরতে যান। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের কোনো একসময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে পেটে, বুকে ও চোখে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ওই বিলের মধ্যে ফেলে রাখে। গতকাল সোমবার সকালে এলাকাবাসী বিলের মধ্যে লিটনের লাশ ভাসতে দেখে তাঁর পরিবারকে খবর দেয়। খবর পেয়ে নিহতের পরিবার ওই বিলে গিয়ে লিটনের লাশ শনাক্ত করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই বিল থেকে লিটনের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের পিতা সালাম মিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেছেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।