কালিয়াকৈরে নারীর লাশ উদ্ধার, গ্রেপ্তার ২
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি এলাকায় গতকাল বুধবার সকালে শাহীদা আক্তার (২০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি টাঙ্গাইলের মধুপুর থানার টেকিপাড়া এলাকার সুমেদ আলীর মেয়ে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে শাহীদার স্বামী পরিচয়দানকারী হাফিজুর রহমান (৩০) ও অপর যুবক মো. উজ্জ্বল মিয়াকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার সন্তোষপুর এলাকার তাসকির আলীর ছেলে হাফিজুরের সঙ্গে ২০০৯ সালে শাহীদার বিয়ে হয়। পারিবারিক কলহের জের ধরে এর কয়েক বছর পরই তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। তবে ১৯ নভেম্বর থেকে হাফিজুর ও শাহীদা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। তাঁদের সঙ্গে হাফিজুরের বন্ধু উজ্জ্বলও থাকতেন। মঙ্গলবার রাতে হাফিজুর ও শাহীদার মধ্যে বাগিবতণ্ডা হয়। এরপর গতকাল সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে গলায় ওড়না পেঁচনো ও ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।হাফিজুর জানান, টাকার অভাবে দ্বিতীয়বারের মতো শাহীদাকে বিয়ে করতে পারছিলেন না তিনি। বন্ধু উজ্জ্বল আর তিনি পাশের ঘরে থাকতেন। মঙ্গলবার রাতে শাহীদার সঙ্গে বাগিবতণ্ডার পর সকালে ঘরের দরজা না খোলায় সেটি ভেঙে ঝুলন্ত লাশ দেখতে পান তাঁরা। অভিমানে শাহীদা আত্মহত্যা করেছেন বলে দাবি করেন হাফিজুর।কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনজের আলী জানান, শাহীদাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।