কালিয়াকৈরে নাশতা খেয়ে কারখানার শ্রমিকেরা অসুস্থ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক নূরবাগ এলাকায় একটি কারখানায় বুধবার রাতে নাশতা খেয়ে দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় কারখানা এক দিনের ছুটি ঘোষণা করা হয়।
কারখানা কর্তৃপক্ষ জানায়, মৌচাক নূরবাগ এলাকায় পূর্বাণী গ্রুপের করিম টেক্সটাইল কারখানায় বুধবার রাতের পালার শ্রমিকেরা নাশতার পেটিস ও ডিম খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এ সময় কর্তৃপক্ষ দুই শতাধিক শ্রমিককে উদ্ধার করে আশপাশের ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করে। গতকাল বৃহস্পতিবার শ্রমিকেরা সুস্থ হয়ে বাড়ি ফেরা শুরু করেন। এ ঘটনায় কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার কারখানা ছুটি ঘোষণা করে। এ ছাড়া সিভিল সার্জন কার্যালয় থেকে ওই খাবার পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
কারখানার মহাব্যবস্থাপক আরিফুল ইসলাম বলেন, শ্রমিকদের চিকিৎসার ব্যয় কারখানা কর্তৃপক্ষ বহন করছে। এ ছাড়া টিফিন সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান বুধবার রাতে ও গতকাল ওই কারখানা পরিদর্শন করেছেন।