কালিয়াকৈরে নিখোঁজ গাড়িচালকের লাশ চুয়াডাঙ্গায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর বাজার থেকে নিখোঁজ হওয়া গাড়িচালক নজরুল ইসলামের (২৫) লাশ চুয়াডাঙ্গায় উদ্ধার হয়েছে। গতকাল বুধবার সকালে তাঁর লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। নিহত নজরুল ইসলাম উপজেলার শ্রীফলতলী গ্রামের আবদুস ছালামের ছেলে।আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব প্রথম আলোকে জানান, গত রোববার সকাল সাড়ে সাতটার দিকে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের পাশে ডম্বলপুর এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় নজরুলের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যার পর তাঁকে ওই স্থানে ফেলে যায়। নিহতের গলায় রশি ও শরীরে আঘাতের চিহ্ন ছিল। তাৎক্ষণিক পরিচয় না পাওয়ায় ময়নাতদন্ত করে বেওয়ারিশ হিসেবে তাঁর লাশ দাফন করা হয়। গত মঙ্গলবার নিহতের বড় ভাই বাবলু মিয়া থানায় তুলে রাখা ছবি দেখে নজরুলকে শনাক্ত করেন। পরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে লাশ কবর থেকে তুলে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে আলমডাঙ্গা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেছে।