কালিয়াকৈরে নির্মাণাধীন ভবন ধসে ২০ শ্রমিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলা ধসে অন্তত ২০ জন নির্মাণশ্রমিক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার আন্ধারমানিক পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও কারখানা সূত্রে জানা গেছে, উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় সাহাবুদ্দিন (এমএস) স্পিনিং নামে একটি কারখানা রয়েছে। ওই কারখানা কর্তৃপক্ষÿআন্ধারমানিক পূর্বপাড়া এলাকায় আরেকটি ভবন নির্মাণ করছিল। আজ সন্ধ্যায় ওই ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের সময় বিকট শব্দে দ্বিতীয় তলার ছাদ ধসে পড়ে। এতে অন্তত ২০ জন নির্মাণশ্রমিক আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সফিপুর মডার্ন হাসপাতালে পাঠায়। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই ভবনের নির্মাণশ্রমিক নজরুল ইসলাম জানান, কারখানা মসজিদের জন্য ভবন তৈরির কাজ চলছিল। আজ দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের জন্য ৪৫ জন শ্রমিক ও ঠিকাদারের ১০ থেকে ১২ জন শ্রমিক কাজ করছিলেন।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান, কারখানা কর্তৃপক্ষ ঠিকাদারের গাফিলতির জন্য ওই ভবনের ছাদ ধসে পড়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে কারখানার প্রশাসনিক কর্মকর্তা বিমল চন্দ্র রায় জানান, ঠিকাদারের নির্মাণ ত্রুটির কারণে ভবনটি ধসে পড়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।