কালিয়াকৈরে নিহত গৃহকর্মীকে বেওয়ারিশ হিসেবে দাফন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকায় নির্যাতনে নিহত গৃহকর্মী শিল্পী আক্তারের (৫) মৃতদেহ গতকাল শুক্রবার বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, লাশ নষ্ট হয়ে যাওয়ায় ও শিশুটির কোনো আত্মীয়স্বজনকে না পাওয়ায় তা বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গত মঙ্গলবার সকালে উপজেলার পূর্ব চান্দরা (কাঁঠালতলা) এলাকার ভাড়াটিয়া নারায়ণগঞ্জের ফতুল্লার এন্টি এক্সপোর্ট নিটওয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক শামিম হোসেন ও তাঁর স্ত্রী মিনারা খাতুন কাজের মেয়ে শিল্পী আক্তারকে রক্তাক্ত অবস্থায় সফিপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর শামিম ও তাঁর স্ত্রী টাকা আনতে যাওয়ার কথা বলে সটকে পড়েন। এরপর লাশটি গাজীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়।