কালিয়াকৈরে নৌকাবাইচ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরইবাড়ী এলাকায় মকশ বিলে গতকাল শনিবার নৌকাবাইচ হয়েছে।এ নৌকাবাইচে গাজীপুর ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকার ১০টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় ‘মা-বাবার দোয়া’ নামের দল প্রথম স্থান অর্জন করে। তাদের এক লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। দ্বিতীয় স্থান অর্জনকারী ‘খাজা বাবা আজমেরী’ দলকে ৫০ হাজার টাকা ও তৃতীয় স্থান পাওয়া ‘মায়ের দোয়া’ দলকে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে আয়োজিত এ নৌকাবাইচে অংশ নেওয়া প্রতিটি দলকে তিন হাজার টাকা করে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার বলেন, এলাকাবাসীকে আনন্দ দেওয়ার জন্য প্রতিবছর নৌকাবাইচের আয়োজন করা হবে।নৌকাবাইচ উপলক্ষে মকশ বিলের পাড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নৌকাবাইচ দেখতে বিলপাড়ে সমবেত হয় হাজারো দর্শক।