কালিয়াকৈরে পলিথিন ব্যাগের ছড়াছড়ি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সর্বত্র পরিবেশদূষণকারী নিষিদ্ধ পলিথিনের ব্যাগ প্রকাশ্যে বিক্রি ও ব্যবহার করা হচ্ছে। হাটবাজারগুলোতে এখন নিষিদ্ধ পলিথিন ব্যাগের ছড়াছড়ি। আইন করে পরিবেশদূষণকারী এসব পলিথিনের ব্যাগ নিষিদ্ধ করার পর বেশ কিছুদিন এর ব্যবহার ও বিক্রি বন্ধ ছিল।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সফিপুর বাজার, কালিয়াকৈর সদর বাজার, মৌচাক বাজার, ফুলবাড়িয়া বাজার, চন্দ্রা বাজারসহ সব কটি বাজারে এখন পলিথিন ব্যাগের ছড়াছড়ি। পলিথিন ব্যবহারকারী কয়েকজন জানান, এখন বাজারগুলোতে কোনো কিছু কেনার পর দোকানিরা পলিথিন ব্যাগে তা ভরে দিচ্ছে। পলিথিন ব্যাগ ব্যবহারকারী সুলতান মণ্ডল বলেন, ‘দোকান থাইকা কিছু কিনলে তারাই পলিথিন ব্যাগ দেয়, আমি কী করমু। আমারে জিগান কে, দোকানদারগো জিগানগা তারা পলিথিন দেয় কে?’সফিপুর বাজারের ব্যবসায়ী আবদুর রশিদ জানান, পলিথিন ব্যাগ নিষিদ্ধ থাকলেও বাজারে এর বিকল্প না থাকায় বা যেটা পাওয়া যায় তার দাম বেশি থাকায় বাজারে আবার পলিথিন ব্যাগের চাহিদা বেড়ে গেছে। তিনি আরও বলেন, গাজীপুর সদর থেকে এবং ঢাকার চকবাজার, ইমামগঞ্জ থেকে তাঁরা হাতল ছাড়া পলিথিন কিনে নিয়ে আসেন। ক্রেতারা ব্যাগ নিয়ে বাজারে আসেন না, নেটের ব্যাগ দিলেও নিতে চান না। কালিয়াকৈর বাজারের ব্যবসায়ী কাজিউল ইসলাম জানান, পরিবেশ অধিদপ্তর বা আইন প্রয়োগকারী সংস্থার কোনো অভিযান না থাকায় পলিথিনের অবাধ ব্যবহার বাড়ছে।সফিপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রথম আলোকে জানান, পলিথিন ব্যাগের কাজটা নেট ব্যাগে হয়। আবার যে ব্যাগে কাজ হয় সেই ব্যাগ বহন করে বাজারে নিয়ে আসতে হয় বিধায় ক্রেতারা তাতে অনাগ্রহী। যার কারণে দোকানিরা পলিথিন ব্যাগ ব্যবহার করতে বাধ্য হন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল কবীর জানান, বিভিন্ন সময়ে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হলেও পলিথিন বন্ধের ব্যাপারে অভিযান চালানো হয়নি। তবে পরবর্তী সময়ে পলিথিন ব্যবহার বন্ধ করতে অভিযান চালানোর চিন্তা রয়েছে।