কালিয়াকৈরে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ।
তিতাস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এক বছর আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রার তিতাসের মূল সঞ্চালন পাইপলাইন থেকে কালামপুর এলাকার বিভিন্ন বাড়িতে অবৈধ গ্যাস-সংযোগ দেওয়া হয়। ওই সময় স্থানীয় দালালেরা সংযোগ বৈধ করার কথা বলে রাইজারপ্রতি ৫০ থেকে ৭০ হাজার টাকা করে হাতিয়ে নেয়। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় হাজার হাজার অবৈধ-সংযোগ রয়েছে। এতে আশপাশের এলাকাগুলোতে বৈধ গ্রাহকদের চুলায় গ্যাসের চাপ কমে গেছে। বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষের নজরে এলে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম শুরু করা হয়। গতকাল দুপুরে চন্দ্রা এলাকার মূল সঞ্চালন লাইন থেকে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় ৭০০ ফুট পাইপ জব্দ করা হয়। এতে কালামপুর মৌজার বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক সংযোগ বিচ্ছিন্ন হয়।
অভিযানে নেতৃত্ব দেন তিতাসের চন্দ্রা জোনাল অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম। এ সময় অফিসের উপব্যবস্থাপক সফিউদ্দিন আহম্মেদ ও আরিফ মাহমুদ, সহকারী প্রকৌশলী আখেরুজ্জামান, বদরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সুরুজ আলম বলেন, অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া অবৈধ গ্যাস-সংযোগ গ্রহণকারী, এতে সহায়তাকারী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।