কালিয়াকৈরে পাইপ ফেটে ১৬ দিন ধরে গ্যাস বের হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি পানি-নিষ্কাশনের নর্দমার নিচে তিতাস গ্যাস ভূগর্ভস্থ পাইপলাইন ফেটে ১৬ দিন ধরে বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে। বিষয়টি স্থানীয় লোকজন গাজীপুরের গ্যাস কর্তৃপক্ষকে জানালেও এখন পর্যন্ত তারা কোনো ব্যবস্থা নেয়নি।এলাকাবাসী জানায়, উপজেলার মৌচাক এলাকার কোকোলা নামের একটি কারখানার সামনে ১৬ দিন আগে জয়দেবপুর-যমুনা সেতু গ্যাস লাইনের ভূগর্ভস্থ পাইপ ফেটে গ্যাস বের হওয়া শুরু করে। পাইপ লাইনে আগুন লেগে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে আশপাশের কারখানা, তেলের পাম্প ও সিএনজি স্টেশনের লোকজন। ওই এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ছে।নর্থবেঙ্গল সিএনজি স্টেশনের কর্মকর্তারা জানান, প্রতিদিন গ্যাসের চাপ কম থাকায় দিনের বেশির ভাগ সময় সিএনজি স্টেশন বন্ধ রাখতে হয়। অথচ পাশেই ১৬ দিন ধরে পাইপ ফেটে গ্যাস বের হলেও তিতাস কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। মৌচাক এলাকার ব্যবসায়ী ফজলুল হক বলেন, কোনোভাবে ওই স্থানে আগুন ধরে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তিতাসের গাজীপুর অফিসে কয়েকবার ফোন করলেও তারা বিষয়টি আমলে নিচ্ছে না।গাজীপুর তিতাস গ্যাসের উপব্যবস্থাপক মোক্তার আহাম্মেদ প্রথম আলোকে জানান, গ্যাস বের হওয়ার খবর তাঁরা পেয়েছেন এবং যত দ্রুত সম্ভব মেরামত করা হবে। তিনি আরও বলেন, মাটি কেটে একটি মোবাইল কোম্পানির কেব্ল স্থাপনের সময় তিতাসের ভূগর্ভস্থ পাইপে আঘাত লাগে। ওই স্থানে ধীরে ধীরে মরিচা পড়ে পাইপ ফেটে যাচ্ছে।