কালিয়াকৈরে পায়ে শিকল বেঁধে রিকশাচালককে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা উত্তরপাড়া এলাকায় পাওনা দুই হাজার টাকা আদায়ের জন্য শাকিল মিয়া (২৫) নামের এক রিকশাচালককে পায়ে শিকল দিয়ে বেঁধে রাতভর অমানবিক নির্যাতন করেছেন এক পাওনাদার। গতকাল শুক্রবার বিকেলে পুলিশ পায়ে শিকল পরা অবস্থায় ওই রিকশাচালককে উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তি হলেন, কালিয়াকৈর উপজেলার চান্দরা এলাকার ব্যবসায়ী সিরাজুল ইসলাম। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা উত্তরপাড়া এলাকার সিরাজুল ইসলামের দোকান থেকে বাকিতে মাল ক্রয় করতেন রিকশাচালক শাকিল। দোকানদার ইতিমধ্যে তাঁর কাছে দুই হাজার টাকা পাওনা হয়েছেন। ওই টাকা না দেওয়ায় দোকানদার গত বৃস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রিকশাচালক শাকিলকে উপজেলার এপেক্স কারখানার সামনের রাস্তা থেকে ধরে নিজ বাড়িতে নিয়ে যান। পরে শাকিলের পায়ে শিকল বেঁধে তালা মেরে আটকে রেখে সারা রাত তাঁকে মারধর ও অমানবিক নির্যাতন করেন। পরে গতকাল শুক্রবার বিকেলে এলাকাবাসী টের পেয়ে পুলিশে খবর দেয়। কালিয়াকৈর থানার পুলিশ সিরাজুলের বাড়ির একটি ঘরের ভেতর থেকে শাকিলকে পায়ে শিকল পরা অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাড়ির মালিক সিরাজুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। শাকিল গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ থানার ধরবস্ত খামারপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ভাড়া থেকে রিকশা চালাতেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, রিকশাচালককে পায়ে শিকল বেঁধে নির্যাতন করা হচ্ছে—এমন খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ওই রিকশাচালককে উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।