কালিয়াকৈরে পিটুনিতে আহত বাসচালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পিটুনিতে গুরুতর আহত এক বাসচালক মারা গেছেন। শ্রমিকনেতা-কর্মীরা বুধবার গভীর রাতে তাঁকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা হয়েছে। দুই শ্রমিকনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই বাসচালকের নাম আলমগীর হোসেন ওরফে মুন্না (২৫)। বাড়ি কালিয়াকৈর উপজেলার বরইতলী এলাকায়। তিনি কালিয়াকৈর-গাজীপুর সড়কে যাত্রীবাহী কালিয়াকৈর পরিবহনের (কেপি) চালক ছিলেন।
এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, বাসচালক আলমগীর হোসেন বাস নিয়ে ২২ মার্চ দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কালিয়াকৈর কার্যালয়ের সামনে পৌঁছালে একদল শ্রমিকনেতা-কর্মী রড, কাঠের রুল ও লাঠি দিয়ে তাঁকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাঁকে ওই কার্যালয়ের একটি কক্ষে তালা মেরে রেখে শ্রমিকনেতারা চলে যান। খবর পেয়ে পরিবারের লোকজন পরদিন সকালে গিয়ে আলমগীরকে উদ্ধার করেন। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে গত রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে দিবাগত রাত একটার দিকে আলমগীর মারা যান।
এ ঘটনায় আলমগীরের বাবা আলী হোসেন বাদী হয়ে গতকাল দুপুরে কালিয়াকৈর থানায় মামলা করেছেন। এতে গাজীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি বাবুল হোসেন, গাজীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের চন্দ্রা শাখার সভাপতি লাকি মিয়াসহ পাঁচ নেতার নাম উল্লেখ ও অজ্ঞাতনামা পাঁচ-সাতজনকে আসামি করা হয়েছে। বাবুল ও লাকিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুঠোফোনে জানতে চাইলে মামলার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার করা দুই শ্রমিকনেতাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।